মানুষের জবান বা কথার আঘাত খুবই মারাত্মক। কথার দ্বারা মানুষ যে কষ্ট পায়, সে কষ্টের কথা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভুলতে পারে না। এজন্য কোনো এক কবি বলেছিলেন
‘তরবারির আঘাত একসময় নিরাময় হয়ে যায়, কিন্তু জবানের আঘাত কখনও নিরাময় হয় না।’
তরবারি বা অস্ত্রের আঘাতে মানুষের শরীর থেকে রক্ত ঝরে, আর এক সময় রক্ত ঝরা বন্ধ হয়ে যায়। কিন্তু মানুষের কথার দ্বারা কেউ যদি অন্তরে কষ্ট পায়, তাহলে তার শরীর থেকে রক্ত ঝরে না বরং তার চোখ থেকে অনবরত বৃষ্টির ফোঁটার মতো পানি টপটপ করে ঝরতে থাকে। সুতরাং কথার দ্বারা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা প্রকৃত মুমিন হতে হলে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না।
এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাষায় বলেছেন, ‘যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুমিন নয়।’ (বুখারি : ১০)।
সুতরাং প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই নিজের জবানকে হেফাজত করতে হবে।
